July 23, 2026
টিভি-ও-সিনেমা

ছাত্র আন্দোলনের পাশে আলিয়া ভট্ট, ‘তরুণদের কণ্ঠস্বর শুনতে হবে’

মুম্বাই— দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগঘন বার্তা প্রকাশ করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি জানান তিনি।

আলিয়া লেখেন, গত কয়েক দিনের ঘটনা তাঁকে বারবার ভেঙে দিয়েছে, আবার আশাও জুগিয়েছে। তাঁর কথায়, আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ছাত্রছাত্রীর পিছনে রয়েছে একটি পরিবারের স্বপ্ন, বছরের পর বছর ত্যাগ এবং কঠোর পরিশ্রম। সেই কারণেই তাঁদের সাহস ও দৃঢ়তা সকলের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

অভিনেত্রী আরও বলেন, এই আন্দোলন গোটা দেশকে ভাবতে বাধ্য করছে, ভবিষ্যৎ প্রজন্মের কথা আমরা সত্যিই শুনছি কি না। বার্তার শেষে তিনি লেখেন, ‘ছাত্রদের জন্য, ছাত্রদের দ্বারা— ভবিষ্যৎ তাঁদেরই।’

দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁস এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রায় এক মাস ধরে ছাত্রদের আন্দোলন চলছে। সেই আন্দোলনে সমাজকর্মী সোনম ওয়াংচুকও যোগ দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে পুলিশের পদক্ষেপ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে।

আলিয়ার আগে এই আন্দোলনের সমর্থনে মুখ খুলেছেন সালমান খান, পূজা ভট্ট, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, জেনেলিয়া দেশমুখ, শাবানা আজমি, প্রকাশ রাজ-সহ একাধিক তারকা। তাঁদের মধ্যে শাবানা আজমি ও প্রকাশ রাজ দিল্লিতে আন্দোলনকারীদের মিছিলে যোগও দেন।

Related posts

Leave a Comment