সংবাদ কলকাতা— বোলপুর থানার প্রাক্তন আইসি লিটন হালদারকে (Litan Haldar) ফোনে হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ নিয়ে বিধানসভায় সরব হলেন জগদ্দলের বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক রাজেশ কুমার (Rajesh Kumar)। তার জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক অভিযোগ দায়ের করতে রাজি থাকলে রাজ্য সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বুধবার বিধানসভায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনার সময় আগের সরকারের আমলে পুলিশ প্রশাসনের উপর রাজনৈতিক চাপের প্রসঙ্গ তোলেন রাজেশ কুমার। তিনি অভিযোগ করেন, বীরভূমের এক প্রভাবশালী রাজনৈতিক নেতা বোলপুর থানার তৎকালীন আইসিকে ফোন করে হুমকি দিয়েছিলেন এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন। পাশাপাশি তৎকালীন পুলিশ মহাপরিচালকের উপরও চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রাজেশ কুমারের বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হস্তক্ষেপ করে বলেন, ‘ওঁর সঙ্গে কথা বলুন। যদি রাজি থাকেন এফআইআর করতে বলুন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, গত ২৯ মে বোলপুর থানার তৎকালীন আইসি লিটন হালদারকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে। অভিযোগ, কথোপকথনের সময় ওই পুলিশ আধিকারিক এবং তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছিল। পরে সেই কথোপকথনের একটি অডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই অডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র সমালোচনা করে। বিষয়টি নিয়ে তৎকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরে ওই পুলিশ আধিকারিককে অন্যত্র বদলি করা হয়।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিষয়টি নতুন করে রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। তবে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক এফআইআর দায়ের করবেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি তথ্য সামনে আসেনি।
