শ্রীনগর: জম্মু-কাশ্মীরের রজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে কয়েক জন সন্দেহভাজন ভারতে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেয় সেনা। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
সেনা সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। ভারতীয় সেনা তাদের গতিবিধি শনাক্ত করে চ্যালেঞ্জ জানালে তারা গুলি চালায়। জবাবে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী, ফলে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার সকালে রজৌরি এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ। সীমান্তবর্তী এলাকায় কোনও অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা নিহত হওয়ার খবর মেলেনি। শুক্রবার রাতের ঘটনায় কোনও হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে সেনাবাহিনী।
গত কয়েক মাসে জম্মু-কাশ্মীরের বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এমন প্রচেষ্টা প্রতিহত করছে। চলতি বছরের মার্চ মাসেও উত্তর কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে এক সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করেছিল সেনা।
নিরাপত্তা বাহিনীর দাবি, সীমান্তে কড়া নজরদারি এবং নিয়মিত টহলের কারণেই অধিকাংশ অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।
