বাঁকুড়া: পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি আরও বাড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সরকারের নতুন মেয়াদ শুরু হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই এটি শিল্পক্ষেত্রে অন্যতম বড় বিনিয়োগ বলে মনে করা হচ্ছে। ডানকুনিতে লাক্স কোজির সম্প্রসারণ প্রকল্পের পর এবার মেজিয়ায় শ্যাম স্টিলের এই নতুন ইউনিট শিল্পোন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে সরকারের দাবি।
শ্যাম স্টিল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ₹১০ হাজার কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা এই প্রকল্প চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছে সংস্থা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। শিল্প স্থাপনের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।
সরকারের দাবি, আগামী দিনে আরও একাধিক বড় শিল্প প্রকল্পের ঘোষণা হতে পারে, যা রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে।
