28.9 C
Kolkata
July 15, 2026
রাজ্য

তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, অভিষেক, রথযাত্রা থেকে তসলিমা— একাধিক ইস্যুতে তোপ দিলীপ ঘোষের

নিজস্ব চিত্র

সংবাদ কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, সিআইডির তদন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে হাজিরা, রথযাত্রা, তসলিমা নাসরিনের সম্ভাব্য প্রত্যাবর্তন থেকে শুরু করে নতুন দূরপাল্লার বাস পরিষেবা— একাধিক রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে বুধবার ধারাবাহিকভাবে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিভিন্ন প্রসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

সন্দীপন সাহার বাড়িতে তৃণমূল নেতা মদন মিত্রের যাওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল, তা নিয়ে বিজেপির কোনও আগ্রহ নেই। তাঁর বক্তব্য, তদন্তকারী সংস্থা যদি কোনও ব্যক্তিকে সমন পাঠায়, তবে তা আইনি প্রক্রিয়ারই অংশ। অপরাধমূলক কাজে যাঁদের নাম উঠে আসবে, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলবে, তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তা দেখার বিষয় নয়। দিলীপের দাবি, হাজার হাজার মানুষকে নোটিশ দেওয়া হয়েছে এবং বেআইনি কর্মকাণ্ডের তদন্ত চলছে। তাঁর কটাক্ষ, মদন মিত্র আগে তদন্তকারী সংস্থার সঙ্গে দেখা করুন, তারপর অন্যদের হয়ে সওয়াল করুন।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়েও সরব হন বিজেপি নেতা। তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই রাজনৈতিকভাবে বিভ্রান্ত। তাঁর দাবি, বর্তমানে তৃণমূলের অন্দরে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে এবং দলের অভ্যন্তরীণ টানাপোড়েন প্রকাশ্যে চলে এসেছে। অতীতে কংগ্রেসের ভাঙনের সময়ও একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেই তৃণমূলের সংকট কেটে যাবে কি না, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দলের সমস্যা অনেক গভীরে পৌঁছে গিয়েছে। তাঁর কথায়, একজনকে সরিয়ে দিলে পরিস্থিতির পরিবর্তন হবে না। দলের বর্তমান অবস্থার জন্য বহু নেতা দায়ী এবং তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মৌলবাদের চাপে তাঁকে দেশছাড়া হতে হয়েছিল। তাঁর অভিযোগ, বামফ্রন্ট সরকার সেই সময় তসলিমার পাশে দাঁড়ায়নি। পরে তৃণমূল সরকারও মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিয়েছে বলে দাবি করেন তিনি। ভারতের ঐতিহ্য অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর বলে উল্লেখ করে তসলিমার প্রত্যাবর্তনকে তিনি স্বাগত জানান।

২১ জুলাইয়ের কর্মসূচি ব্রিগেডে না করার সিদ্ধান্ত নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি নেতা। তাঁর দাবি, ব্রিগেডে জনসমাবেশ করার মতো সাংগঠনিক শক্তি এখন আর তৃণমূলের নেই। সেই কারণেই বিকল্প ভাবনা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কালীঘাটেই কর্মসূচি করলে তৃণমূলের জন্য তা বেশি সুবিধাজনক হবে বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের শহিদ দিবসে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা। তাঁর মন্তব্য, মুখ্যমন্ত্রী সেখানে গেলে সেটাই হবে রাজনৈতিক ‘প্রায়শ্চিত্ত’।

ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিধাননগর আদালতে হাজিরা নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব। এতদিন হাজিরা না দেওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আদালতের মর্যাদা রক্ষার আহ্বানও জানান বিজেপি নেতা।

শ্যামলী পরিবহণের নতুন দূরপাল্লার বাস পরিষেবার সূচনাকে স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে সংস্থাটি যাত্রী পরিষেবা দিয়ে আসছে। বিলাসবহুল বাস পরিষেবা বাড়লে সাধারণ মানুষেরই সুবিধা হবে। বিশেষ করে ট্রেনে টিকিট না পাওয়ার সমস্যার মধ্যে উন্নত বাস পরিষেবা গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মহাদেব এক্সপ্রেসের নতুন পরিষেবাকেও স্বাগত জানান।

রথযাত্রা উপলক্ষে রাজ্যজুড়ে উৎসবের আবহ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি জানান, বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছে প্রায় ৩০টি রথ উদ্বোধনের আমন্ত্রণ এসেছে। তিনি ইসকন মায়াপুরের রথযাত্রায় অংশ নেবেন বলেও জানান। পাশাপাশি বলেন, বহু প্রাচীন রথ এবার সরকারি অনুদান পেয়েছে, যা ইতিবাচক পদক্ষেপ। তাঁর মতে, রাজ্যে সনাতন ধর্মীয় চেতনার উত্থান আরও জোরদার হয়েছে এবং আগামী দিনে দুর্গাপুজো ও রামনবমীর আয়োজনও আরও বৃহৎ পরিসরে হবে।

নিজের গাওয়া ‘ঝালমুড়ি’ গান নিয়েও কথা বলেন বিজেপি নেতা। তিনি জানান, গানটি প্রকাশিত হয়েছে এবং শীঘ্রই এর ভিডিও অ্যালবামও প্রকাশ পাবে। রসিকতার সুরে তিনি বলেন, তাঁকে গায়ক বানানোর চেষ্টা হয়েছে, আর তিনিও সেই চেষ্টায় সঙ্গ দিয়েছেন।

Related posts

Leave a Comment