27.3 C
Kolkata
July 15, 2026
রাজ্য

ইসকন মায়াপুরে ১৬ জুলাই শ্রীজগন্নাথ রথযাত্রা

প্রতিনিধিত্বমূলক চিত্র

সকাল ১১টা থেকে শুরু মহোৎসব

নদিয়া: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সঙ্ঘ (ইসকন) মায়াপুরের উদ্যোগে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে শ্রীজগন্নাথ রথযাত্রা ২০২৬। দিনভর কীর্তন, ভোগ নিবেদন, আরতি, ধর্মীয় আলোচনা এবং বর্ণাঢ্য রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশের বহু ভক্ত এই মহোৎসবে অংশ নেবেন।

প্রচারিত সূচি অনুযায়ী, অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায় ইসকন রাজাপুরে কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে ভোগ নিবেদন, ভোগ আরতি এবং পাঠাভিষেক অনুষ্ঠিত হবে। দুপুরে বিশিষ্ট অতিথি ও প্রবীণ ভক্তদের বক্তব্যেরও আয়োজন রাখা হয়েছে।

বিকেল ২টা ১৫ মিনিটে জগন্নাথ আরতির পর বিকেল ২টা ৪৫ মিনিটে ইসকন রাজাপুর থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হবে। এই শোভাযাত্রা পৌঁছবে পঞ্চতত্ত্ব মন্দির, ইসকন মায়াপুরে। সন্ধ্যা ৭টায় রথযাত্রার সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে শয়ন আরতি এবং রাত ৮টা ৩০ মিনিটে গৌরলীলা নৃত্যের আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও দিনভর কীর্তন, ভক্তিমূলক পরিবেশনা এবং প্রসাদ বিতরণের ব্যবস্থাও থাকবে।

ইসকনের পক্ষ থেকে ভক্তদের এই মহোৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের দাবি, শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা ভক্তদের কাছে ভক্তি, সেবা এবং সমবেত প্রার্থনার এক বিশেষ উপলক্ষ। প্রতি বছরের মতো এবারও হাজার হাজার মানুষের সমাগমের আশা করছেন উদ্যোক্তারা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে বা যোগাযোগের জন্য +৯১ ৯৪৭৫৬ ১৬১০৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

Related posts

Leave a Comment