29.4 C
Kolkata
July 13, 2026
দেশ বিদেশ

বাংলাদেশে ফিরলেই গ্রেফতার শেখ হাসিনা, দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের

ঢাকা — স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলেও সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আত্মসমর্পণের সুযোগ পাবেন না। তিনি বাংলাদেশে পা রাখামাত্রই গ্রেফতার হবেন বলে দাবি করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা হলে তা বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হবে।

আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তাঁকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। আর সে ক্ষেত্রে তিনি দেশে পা রাখামাত্রই গ্রেফতার হবেন।’

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর এই ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি দেশে ফিরলে প্রশাসন কী পদক্ষেপ নেবে, তা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে শনিবারও মন্তব্য করেছিলেন প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, সেটা আপনার বিষয়। কিন্তু আমরা আপনাকে কালই চাই।’ একই সঙ্গে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘কোনও স্টান্টবাজি করবেন না। এখানে আর কোনও অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন এবং সেখানেই অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া চলে। ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনা শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

জাতিসংঘের একটি প্রতিবেদনের উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে পরিচালিত অভিযানে ১,৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই একাধিক মামলার তদন্ত চলছে। শুধু শেখ হাসিনা বা তাঁর ঘনিষ্ঠ নেতাদের ভূমিকাই নয়, সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে বলে জানান তিনি।

প্রধান প্রসিকিউটরের দাবি, সংশ্লিষ্ট তদন্ত এখনও চলমান এবং পুরো বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং তাঁকে ঘিরে আইনি পদক্ষেপ নিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর থাকবে।

Related posts

Leave a Comment