ঢাকা — ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের সরকার। তবে এই বিষয়ে সরকার আলাদা করে কোনও নতুন নিষেধাজ্ঞা আরোপ করেনি। বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আগের একটি আদেশের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের সংবাদমাধ্যমগুলিকে তা মেনে চলার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সরকারের তথ্য দফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
সরকারি বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমগুলিকে সেই ট্রাইব্যুনালের আদেশ অনুসরণ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, শেখ হাসিনার বক্তব্য বা বার্তা প্রচারের ক্ষেত্রে আইসিটির নির্দেশ কার্যকর রয়েছে বলেই সরকার জানিয়েছে।
এই নির্দেশ এমন সময়ে সামনে এল, যখন সম্প্রতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এরপরই তাঁর বক্তব্য প্রচারকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়।
সরকারের তথ্য দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, সংবাদমাধ্যমগুলিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফলে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আইসিটির আগের আদেশই বর্তমানে কার্যকর রয়েছে বলে সরকারি মহল জানিয়েছে।
