জন্মবার্ষিকী উদযাপনে বিশেষ কর্মসূচি
আগামী সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিবছরের মতো এ বছরও দেশজুড়ে বিজেপির তরফে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করা হবে। তবে ১২৫তম জন্মবার্ষিকী এবং প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের প্রেক্ষাপটে এ বছরের কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল।
এর আগে ‘পশ্চিমবঙ্গ দিবস’ ও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপনেও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি।
কী বলছে বিজেপি?
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদের মাটিতে তাঁর আদর্শে অনুপ্রাণিত সরকারের প্রতিষ্ঠা প্রত্যেক বিজেপি কর্মীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। তাঁর দাবি, এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষা করা হলেও এখন তাঁর ভূমিকা ও পশ্চিমবঙ্গ গঠনে অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে অমিত শাহের সফর চূড়ান্ত হয়েছে। সোমবার তিনি কোন কোন কর্মসূচিতে অংশ নেবেন, তা এখনও নির্ধারিত না হলেও রাজ্য নেতৃত্ব প্রস্তুতি শুরু করেছে। শনিবার রাত বা রবিবারের মধ্যেই তাঁর পূর্ণাঙ্গ সফরসূচি চূড়ান্ত হতে পারে।
