34.7 C
Kolkata
July 4, 2026
দেশ

রাম মন্দিরের অনুদান চুরি মামলায় সম্পত্তি ও ব্যাঙ্ক নথি খতিয়ে দেখছে পুলিশ

অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরি মামলার তদন্তে এবার অভিযুক্তদের জমি, সম্পত্তি ও ব্যাঙ্ক সংক্রান্ত নথি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানতে চাইছেন, অভিযুক্তরা শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সঙ্গে যুক্ত হওয়ার পর কোনও সম্পত্তি কিনেছিলেন কি না এবং সেই সম্পত্তি চুরি হওয়া অনুদানের অর্থে কেনা হয়েছে কি না।

ত্রের খবর, অভিযুক্ত ও তাঁদের পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ২০টি জমির নথি রাজস্ব দফতরের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। জমি কেনার সময়কাল এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এর আগে মূল অভিযুক্ত অবিনাশ শুক্লর একটি গাড়ি ‘অপরাধলব্ধ সম্পত্তি’ হিসেবে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশি হেফাজতে অবিনাশ শুক্লকে নিয়ে অযোধ্যার ১৪-কোসি পরিক্রমা পথ সংলগ্ন একটি স্থানে যায় তদন্তকারী দল। অভিযোগ, সেখানেই চুরি হওয়া অনুদানের টাকা অভিযুক্তদের মধ্যে ভাগ করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ওই জায়গা থেকেই একটি গুরুত্বপূর্ণ বস্তু উদ্ধার হয়েছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।

এই মামলায় ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহনের অভিযোগের ভিত্তিতে অযোধ্যা কোতোয়ালি থানায় এফআইআর দায়ের হয়। প্রাথমিক তদন্তে একাধিক অনিয়মের ইঙ্গিত পাওয়ার পর বিশেষ তদন্তকারী দল (SIT) মামলার তদন্ত শুরু করে।

এদিকে, মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। প্রাক্তন মামলাকারী মহন্ত ধর্মদাস নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাম মন্দির ট্রাস্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ঘটনায় কেন্দ্র ও বিজেপির সমালোচনা করেছেন। তবে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, তারা নিরপেক্ষ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং ভক্তদের আস্থা অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Related posts

Leave a Comment