36.7 C
Kolkata
June 30, 2026
রাজ্য

দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে শনিবার থেকে কমবে বৃষ্টির দাপট

কলকাতা— রাজ্যে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, টানা বৃষ্টির পর উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য কিছুটা স্বস্তির খবর। আগামী শনিবার থেকে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের পর শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টিও হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহভর বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়খন্ড সংলগ্ন ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শনিবার থেকে সেখানে প্রবল বর্ষণের সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

আবহাওয়া দপ্তরের মতে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার ফলেই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment