36.7 C
Kolkata
June 30, 2026
রাজ্য

সোনা পাপ্পুর স্ত্রী সোমাকে ইডির তলব, জমি দখল মামলায় জিজ্ঞাসাবাদ শুরু

কলকাতা— কসবার প্রভাবশালী ব্যক্তি সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের স্ত্রী সোমা পোদ্দারকে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি দখল ও আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলার তদন্তে তাঁকে ডাকা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

এর আগে গত ১৮ মে ইডি দপ্তরে হাজিরা দিতে গিয়ে স্বামী বিশ্বজিৎ পোদ্দারের সঙ্গে ছিলেন সোমা। তবে এবার তাঁকে একাই হাজিরা দিতে হয়। বর্তমানে বিশ্বজিৎ পোদ্দার ইডির মামলায় গ্রেপ্তার হয়ে জেল হেফাজতে রয়েছেন।

তদন্তকারী সংস্থার দাবি, বিশ্বজিৎ পোদ্দার এবং ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত যে মামলার তদন্ত চলছে, সেই মামলার সূত্রেই সোমা পোদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই একই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি।

তদন্তে ইডি জানতে পেরেছে, তল্লাশির সময় বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। পাশাপাশি, সোমা পোদ্দারের নামে থাকা একটি সংস্থার সঙ্গে জয় কামদারের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের নথিও তদন্তকারীদের হাতে এসেছে। জয় কামদারের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে ইডি। তবে বিশ্বজিৎ পোদ্দারের বিরুদ্ধে এখনও চার্জশিট পেশ করা হয়নি। সেই পরিস্থিতিতে তাঁর স্ত্রীকে তলব করাকে তদন্তের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ কলকাতার গোলপার্কে অশান্তির একটি মামলাতেও বিশ্বজিৎ পোদ্দারকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রথমে তাঁকে ইডি গ্রেপ্তার করেছিল। পরে ইডির হেফাজত শেষে তিনি জেল হেফাজতে থাকাকালীন পুলিশও ওই মামলায় তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

Related posts

Leave a Comment