বহরমপুর, ২৬ জুন: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ভাঙড়ে সংঘটিত অশান্তির ঘটনায় অভিযুক্ত ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে তাঁকে গ্রেফতার করে ভাঙড়ের উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশের যৌথ দল। এলাকায় তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ভাঙড়ে সংঘর্ষ ও অশান্তির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় খায়রুলের নাম রয়েছে। অভিযোগ, ওই সময় ভাঙড়ের কচুয়া এলাকার বাসিন্দা ইসমাইল পাহাড়ি গুলিবিদ্ধ হন। সেই ঘটনার এফআইআরে অন্যতম অভিযুক্ত ছিলেন খায়রুল।
ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। কয়েক দিন আগে ভাঙড়ে একটি ঘটনায় খায়রুলকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। তারপর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন।
অবশেষে রবিবার বহরমপুরে তাঁর অবস্থানের খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
previous post
