37.2 C
Kolkata
June 20, 2026
রাজ্য

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদী, ডোকরার দুর্গামূর্তি উপহার দিলেন মুখ্যমন্ত্রী

হুগলি | ২০ জুন: ঐতিহাসিক ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন উপলক্ষে হুগলির তারকেশ্বরে আয়োজিত হল রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান। রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হল। অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দু’দিনের সফরে রাজ্যে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তারকেশ্বরের সভামঞ্চে প্রধানমন্ত্রীকে ডোকরা শিল্পে নির্মিত একটি দুর্গামূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁকে বাবা তারকনাথের ছবি, বাংলার রসগোল্লা এবং জলভরা সন্দেশও উপহার দেওয়া হয়।

শনিবার দুপুরে দিল্লি থেকে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সরাসরি তারকেশ্বর যান। বিকেল ৪টার কিছু পরে তাঁর হেলিকপ্টার সভাস্থলে অবতরণ করে। এর আগেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সভাস্থলে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। দর্শকদের জন্য তৈরি করা হয়েছিল পাঁচটি বড় হ্যাঙার। অনুষ্ঠান প্রাঙ্গণ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন নিদর্শনে সজ্জিত ছিল। কলকাতার হলুদ ট্যাক্সি, হাতে টানা রিকশা, দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠের প্রতিকৃতি বিশেষ আকর্ষণ তৈরি করে।

মঞ্চসজ্জায় ব্যবহার করা হয় থাইল্যান্ড থেকে আনা অ্যান্থোরিয়াম ফুল, উটির জারবেরা ও লিলি, বিভিন্ন প্রজাতির গোলাপ, ব্লু ডেইজি, রজনীগন্ধা ও গাঁদা ফুল।

বর্তমান রাজ্য সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৪৭ সালের এই দিনেই অবিভক্ত বাংলার আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই দিনটি উদযাপন করা হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য এবং সমাজ সংস্কারে পশ্চিমবঙ্গের অবদান ভারতের জাতীয় জীবনকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথাও স্মরণ করেন।

Related posts

Leave a Comment