30.3 C
Kolkata
June 16, 2026
জেলা

বন্ধ ফুলবাজার চালুর দাবিতে সরব ফুলচাষিরা, জেলাশাসকের কাছে স্মারকলিপি

পূর্ব মেদিনীপুর, ১৬ জুন: দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা কোলাঘাটের পানশিলা ফুলবাজার চালুর দাবিতে সরব হলেন ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা। বাজারটি দ্রুত চালু করার দাবিতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতি।

স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে নির্মিত পানশিলা ফুলবাজার চালু না করে তৎকালীন শাসকদলের দলীয় কার্যালয় ও অন্যান্য কাজে ব্যবহার করা হতো। ফলে কোটি কোটি টাকা খরচ করে তৈরি হওয়া পরিকাঠামো কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

বর্তমানে কোলাঘাটের দেউলিয়ায় রাজ্যের তৃতীয় বৃহত্তম ফুলবাজার বসে। দুই মেদিনীপুর ও হাওড়া জেলার প্রায় তিন হাজার ফুলচাষি প্রতিদিন সেখানে ফুল বিক্রি করতে আসেন। তবে জাতীয় সড়কের একাংশ জুড়ে বাজার বসায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এই সমস্যা সমাধানে ২০১৯ সালে প্রশাসনের তরফে দেউলিয়া ফুলবাজারকে পানশিলায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী ২০২১ সালে প্রায় চার কোটি টাকা ব্যয়ে তিন একর জমির উপর নতুন ফুলবাজার তৈরি করা হয়। কিন্তু প্রয়োজনীয় অনুমোদনের অভাবে আজও তা চালু করা সম্ভব হয়নি।

জানা গিয়েছে, বাজারটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমিতে তৈরি হওয়ায় লিখিত অনুমোদন না মেলায় প্রকল্পটি আটকে যায়। যদিও বাজার নির্মাণের সময় মৌখিক অনুমতি ছিল বলে দাবি করা হয়েছে।

ফুলচাষিদের দাবি, দ্রুত প্রশাসনিক জট কাটিয়ে পানশিলা ফুলবাজার চালু করা হোক। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, ফুলচাষিদের দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment