কলকাতা— আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২১ জুন রাজ্যের সমস্ত সরকারি কর্মীর জন্য বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ জারি করল শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যসচিবের দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, ওই দিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট কর্মস্থল, সরকারি আবাসন, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গনে যোগাভ্যাস কর্মসূচিতে অংশ নিতে হবে।
সরকারি নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড এবং সাম্মানিকভিত্তিক কর্মীদেরও এই কর্মসূচিতে যোগ দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনিক সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালন করতে বলা হয়েছে।
এ বছর কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী Narendra Modi এবং মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র। তাঁদের উপস্থিতিতে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।
সরকারি সূত্রের দাবি, সুস্থ জীবনযাপন এবং শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে। প্রতি বছরই যোগ দিবসে বিশেষ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। গত বছর তিনি বিশাখাপত্তনমে যোগাভ্যাসে অংশ নিয়েছিলেন। তার আগে শ্রীনগর এবং রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরেও আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
