33.4 C
Kolkata
June 11, 2026
রাজ্য

বিজেপিতে যোগ দিতে গিয়ে অপমানিত তৃণমূল নেতা! সবুজ আবির মাখিয়ে ফিরিয়ে দিলেন বিজেপি নেতারা

আসানসোল, ১১ জুন: রাজনৈতিক পালাবদলের আবহে দলবদলের চেষ্টায় গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা বিজয় সিং। বিজেপিতে যোগদানের উদ্দেশ্যে আসানসোলের বিজেপি পার্টি অফিসে পৌঁছলেও তাঁকে গ্রহণ না করে উল্টে সবুজ আবির মাখিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাবনি বিধানসভার মাইথন লেফ্ট ব্যাঙ্ক এলাকার পরিচিত তৃণমূল নেতা বিজয় সিং সম্প্রতি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করছিলেন। অভিযোগ, অতীতে তাঁর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ উঠেছিল এবং একটি ভিডিওও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল।

বুধবার কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে আসানসোলের দলীয় কার্যালয়ে যান। সেখানে বারাবনির বিজেপি বিধায়ক অরিজিৎ রায়ের ভাই তথা বিজেপি নেতা অভিজিৎ রায়ের সঙ্গে দেখা করেন। অভিযোগ, দলবদলের প্রস্তাব শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে বার্তা দিতে বিজয় সিংকে সবুজ আবির মাখিয়ে দেওয়া হয় এবং তাঁকে তীব্র ভর্ৎসনা করে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যেতে বলা হয়। ঘটনার জেরে কার্যত অপ্রস্তুত হয়ে পড়েন ওই তৃণমূল নেতা। পরে কোনও প্রতিক্রিয়া না দিয়েই তিনি সেখান থেকে চলে যান।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত ও গ্রেফতারির ঘটনা সামনে এসেছে। সেই আবহেই বিভিন্ন রাজনৈতিক শিবিরে যোগদানের জল্পনা এবং দলবদলের চর্চা বেড়েছে। বিজয় সিংকে ঘিরে এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Related posts

Leave a Comment