33.4 C
Kolkata
June 11, 2026
দেশ

বিকশিত ভারতের ভিত্তি গ্রামোন্নয়ন, গুজরাটের অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১১ জুন: বিকশিত ভারত গড়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রামগুলির উন্নয়নের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভিডিও বার্তার মাধ্যমে গুজরাটের ভরওয়াদ সমাজের বাভালিয়ালি ধামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, দেশের অগ্রগতির মূল শক্তি হল সম্মিলিত প্রচেষ্টা এবং ‘সবকা প্রয়াস’ মন্ত্রই ভারতের সবচেয়ে বড় শক্তি।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ সমাজকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলতে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট সম্প্রদায়ের তরুণ-তরুণীদের শিক্ষিত হয়ে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

গবাদি পশু পালন ও দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষদের উদ্দেশে মোদী কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে টিকাদান কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, পশুদের নিয়মিত টিকাকরণ নিশ্চিত করা গেলে রোগের প্রকোপ কমবে এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে।


দেশীয় গবাদি পশুর প্রজাতি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জাতীয় গোকুল মিশনের বিভিন্ন সুবিধা সম্পর্কে সকলকে সচেতন করার আহ্বান জানান। পাশাপাশি কৃষিক্ষেত্রে পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতি হিসেবে প্রাকৃতিক চাষের গুরুত্বও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর মতে, গ্রাম, কৃষি এবং পশুপালন খাতের সমন্বিত উন্নয়নই দেশের অর্থনীতি ও সমাজকে আরও শক্তিশালী করে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related posts

Leave a Comment