প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিশেষ বৈঠক। আর সেই বৈঠকেই এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। নিজের হাতে ঝালমুড়ি তৈরি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচার পর্বেও ঝালমুড়ি নিয়ে চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে। গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে একটি স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ঘটনার পর থেকেই আলোচনায় উঠে আসেন ওই ঝালমুড়ি বিক্রেতা।
প্রধানমন্ত্রী হিসেবে মোদীর টানা ১২ বছরের কার্যকালের সাফল্য তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বিজেপির দাবি, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘতম সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি নতুন নজির গড়েছেন। সেই উপলক্ষে দেশজুড়ে এক মাসব্যাপী প্রচারাভিযানও শুরু করেছে এনডিএ।
বৈঠকে উপস্থিত শরিক দলগুলির নেতাদের সঙ্গে উন্নয়ন, সুশাসন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এদিন মোদী সামাজিক মাধ্যমে জানান, গত ১২ বছর ধরে তাঁর সরকার বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণের আদর্শকে সামনে রেখেই কাজ করে চলেছে এবং আগামী দিনেও সেই পথেই এগিয়ে যাবে।
