35.9 C
Kolkata
June 4, 2026
রাজ্য

প্রায় দু’বছর পর কাজে ফিরলেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশ্বাস রক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁকসা — যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে প্রথম বৈঠকেই আন্দোলনের জেরে সাসপেন্ড হওয়া সরকারি কর্মীদের কাজে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হল। দীর্ঘ প্রায় দু’বছর পর পশ্চিম বর্ধমানের কাঁকসা বিডিও অফিসে কাজে যোগ দিলেন সাসপেন্ডেড সরকারি কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

অভয়ার ন্যায়বিচার এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে সামিল হওয়ার পর প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়েছিলেন শুভঙ্কর। দীর্ঘ সময় কর্মস্থলের বাইরে থাকার পর বৃহস্পতিবার তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। তাঁর কর্মস্থলে ফেরাকে কেন্দ্র করে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সহকর্মী এবং যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা ফুলের মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান।

কাজে যোগ দেওয়ার পর শুভঙ্কর বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থে আন্দোলন করেননি। সরকারি কর্মচারীদের অধিকার এবং অভয়ার ন্যায়বিচারের দাবিতেই আন্দোলনের পথে নেমেছিলেন। সেই লড়াইয়ের জন্য তাঁকে নানা প্রতিকূলতা, অপমান এবং প্রশাসনিক চাপের মুখে পড়তে হয়েছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দাবি করেন।

শুভঙ্করের প্রত্যাবর্তনকে সরকারি কর্মচারীদের আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করছে যৌথ সংগ্রামী মঞ্চ। আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের একাংশের মতে, এর ফলে সরকারি কর্মীদের মনোবল আরও বৃদ্ধি পাবে।

এই দীর্ঘ লড়াইয়ে পরিবারের ভূমিকার কথাও উঠে এসেছে। শুভঙ্করের স্ত্রী চৈতি বন্দ্যোপাধ্যায় বলেন, গত দু’বছর তাঁদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা বিশ্বাস হারাননি। শেষ পর্যন্ত শুভঙ্করের কাজে ফেরা সেই বিশ্বাসকেই প্রতিষ্ঠা করেছে বলে তাঁর দাবি।

তবে চাকরিতে ফিরলেও আন্দোলনের পথ থেকে সরে আসছেন না শুভঙ্কর। তিনি স্পষ্ট জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ভবিষ্যতেও চলবে। তাঁর বক্তব্য, সরকারি কর্মচারীরা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন, তাঁরা কর্মচারীদের অধিকার এবং ন্যায়বিচারের দাবিতেই আন্দোলন করেছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবেন।

Related posts

Leave a Comment