35 C
Kolkata
June 2, 2026
রাজ্য

সরকারি ত্রাণসামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ

কালনা, ৩ জুন: পূর্ব বর্ধমানে দুর্নীতির অভিযোগে তৃণমূলের একের পর এক প্রাক্তন জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত। বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসের পর এ বার গ্রেফতার হলেন কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ। সোমবার গভীর রাতে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করে নাদনঘাট থানার পুলিশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর গ্রেফতারের কথা জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সরকারি ত্রাণসামগ্রী ও বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় বিতরণের জন্য বরাদ্দ খেলাধুলার সরঞ্জাম নিজের বাড়িতে মজুত করে রাখার অভিযোগ উঠেছে দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে বিতরণের পরিবর্তে ওই সামগ্রী দীর্ঘদিন ধরে ব্যক্তিগত হেফাজতে রাখা হয়েছিল। কেন এই সামগ্রী বাড়িতে রাখা হয়েছিল এবং এর পিছনে আরও কোনও আর্থিক বা প্রশাসনিক অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই প্রাক্তন বিধায়ককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই দেবপ্রসাদ বাগকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল। তাঁর সম্পত্তি বৃদ্ধি ও জীবনযাত্রা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পাননি অনেকেই। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে।

সোমবার রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী প্রাক্তন বিধায়কের বাড়িতে পৌঁছতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ পৌঁছানোর পর দীর্ঘ সময় বাড়ির দরজা বন্ধ করে ছিলেন দেবপ্রসাদ ও তাঁর পরিবারের সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে গভীর রাতে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, সরকারি ত্রাণসামগ্রী বণ্টনে অনিয়মের অভিযোগে সম্প্রতি কালনা-২ ব্লকের তৃণমূল সভাপতি প্রণব রায়ও গ্রেফতার হয়েছেন। একই মামলার সূত্র ধরে পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেও বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধারের দাবি করেছে তদন্তকারী সংস্থা।

তদন্তকারীদের অনুমান, সরকারি প্রকল্পের সামগ্রী বণ্টনকে কেন্দ্র করে জেলার একাধিক এলাকায় বৃহত্তর দুর্নীতির চক্রের তথ্য সামনে আসতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related posts

Leave a Comment