31 C
Kolkata
June 2, 2026
রাজ্য

ঝটিকা দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, জল্পনা রাজ্যের রাজনৈতিক মহলে


কলকাতা, ২৬ মে: রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে মঙ্গলবার ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে ‘জনতার দরবার’ কর্মসূচি শেষ করে হুগলির তারকেশ্বরে যান তিনি। সেখান থেকে কলকাতায় ফিরে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর সঙ্গে যাচ্ছেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুও।

সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। নতুন করে শপথ নিয়েছেন ৩৫ জন মন্ত্রী। তার পরদিনই মুখ্যমন্ত্রীর এই আকস্মিক দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের জরুরি তলবেই এই সফর। দিল্লিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে রাতেই কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে।

সোমবার লোক ভবনে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নেন। তবে এখনও তিনটি মন্ত্রিত্বের পদ খালি রয়েছে। পাশাপাশি নতুন মন্ত্রিসভায় নদিয়া ও দক্ষিণ দিনাজপুর জেলার কোনও প্রতিনিধিত্ব না থাকাও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিল্লি সফরে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

এদিকে বিরোধী শিবির তৃণমূলে বর্তমানে অস্থিরতা ক্রমশ বাড়ছে। সম্প্রতি কালীঘাটে দলের বৈঠকে অধিকাংশ বিধায়কের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৬০ জনই বৈঠকে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। ফলে শেষ পর্যন্ত বৈঠক বাতিল করতে হয়।

এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিধানসভার স্পিকারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সফরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জল্পনা চলছে।

Related posts

Leave a Comment