ভিয়েতনামের দা নাং-এ অনুষ্ঠিত ২০২৬ সালের U23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরদের দুর্দান্ত সাফল্যের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সমাজমাধ্যম X-এ পোস্ট করে পুরুষদের ফ্রিস্টাইল ও মহিলাদের রেসলিং দলকে অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের কুস্তিগিরদের অসাধারণ পারফরম্যান্স। পুরুষদের ফ্রিস্টাইল ও মহিলাদের রেসলিং দল ২০২৬ U23 এশিয়ান চ্যাম্পিয়নশিপে টিম টাইটেল জিতেছে। পুরুষদের ফ্রিস্টাইল দল ৪টি সোনা-সহ মোট ৯টি পদক জিতে ইতিহাস গড়েছে। মহিলাদের দল জিতেছে ১০টি পদক, যার মধ্যে রয়েছে ৬টি সোনা। গ্রেকো-রোমান দলও সর্বাধিক ৮টি পদক পেয়েছে। সকলকে অভিনন্দন।”
পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারত চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতে নেয়। কিরগিজস্তান ও কাজাখস্তানকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করে ভারতীয় দল। পুরো প্রতিযোগিতায় ভারত মোট ২৭টি পদক জেতে, যার মধ্যে রয়েছে ১১টি সোনা, ৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ।
ফ্রিস্টাইল দলে ৫৭ কেজিতে অক্ষয় টি ধেরে এবং ৯৭ কেজিতে ভিকি সোনা জেতেন। এছাড়া ৬৫ কেজিতে কুমার মোহিত ও ৭৯ কেজিতে চন্দ্রমোহনও সোনার পদক পান। দীপক রাঠি (৬১ কেজি), পুনিত কুমার (৯২ কেজি) এবং ল্যাকি (১২৫ কেজি) রুপো জেতেন। ব্রোঞ্জ পান দীপক বেরওয়াল (৭৪ কেজি) ও মোর সচিন (৮২ কেজি)।
