24 C
Kolkata
May 29, 2026
রাজ্য

সুজিত বসুকে স্বস্তি নয়, গ্রেফতারি মামলায় ইডিকে রিপোর্টের নির্দেশ হাই কোর্টের

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারি নিয়ে কলকাতা হাই কোর্টে শুনানিতে আপাতত কোনও স্বস্তি মিলল না। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার বিস্তারিত শুনানি হবে নিয়মিত বেঞ্চে। একই সঙ্গে ইডিকে গ্রেফতারি সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুজিত বসুকেও হলফনামা দিতে বলা হয়েছে।

সুজিতের আইনজীবী সিদ্ধার্থ লুথরার দাবি, তাঁর মক্কেল এখনও অভিযুক্ত নন এবং তিনি শুধুমাত্র গ্রেফতারির বৈধতাকেই চ্যালেঞ্জ করছেন। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী রিলিফ দেওয়া হচ্ছে না।

গত ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। সেখান থেকেই তিনি হাই কোর্টে গ্রেফতারির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়।

গ্রেফতারির আগে একাধিক বার সুজিতকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ভোটের আগে তিনি প্রচারের ব্যস্ততার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন। পরে ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। সেদিন তাঁকে ছেড়ে দেওয়া হলেও ১১ মে ফের ডেকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

ইডির অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করার ঘটনায় সুজিত বসুর ভূমিকা রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম ওই তালিকায় ছিল। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে বলেও সন্দেহ করছে ইডি। সেই কারণেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment