বিজু জনতা দল (বিজেডি) ছাড়ার এক দিন পরেই মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন দলের বর্ষীয়ান নেতা দেবাশিস সমন্ত্রয়। বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’-এর ভাবনাতেই অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
দলে যোগ দেওয়ার পরে দেবাশিস বলেন, “প্রধানমন্ত্রী মোদী আমাকে আশীর্বাদ করেছেন এবং তাঁর টিমে জায়গা দিয়েছেন যাতে আমি দেশের উন্নয়নের কাজে অংশ নিতে পারি। উনি একটি উন্নত ভারতের স্বপ্ন দেখেছেন এবং সেই লক্ষ্যেই নিরন্তর কাজ করে চলেছেন। তাঁর কর্মসূচি ও ব্যক্তিত্ব আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে।”
সূত্রের খবর, বিজেপি তাঁকে রাজ্যসভায় পাঠাতে পারে।
এর আগে বিজেডি-র প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন দেবাশিস। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে “পদ্ধতিগত ভাবে গুরুত্বহীন করে দেওয়া”-র অভিযোগ তুলেছিলেন তিনি। পাশাপাশি উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের কাছে রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা জমা দেন।
বিজেডি প্রধান নবীন পট্টনায়েককে লেখা চিঠিতে দেবাশিস লেখেন, “সাম্প্রতিক সময়ে আমি অনুভব করেছি যে, দল আমাকে ধারাবাহিক ভাবে গুরুত্বহীন করে তুলছে এবং আমার পরিষেবা আর প্রয়োজন নেই। তাই জনস্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।”
রাজনৈতিক মহলের মতে, দেবাশিসের ইস্তফা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজ্যসভার ফ্লোর লিডারের পদ ছেড়েছিলেন সসমিত পাত্র। পাশাপাশি বিজেডি-র আরও দুই সাংসদ সুজিত কুমার এবং মমতা মহান্তও দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে তাঁরা বিজেপির মনোনয়নে পুনরায় রাজ্যসভায় নির্বাচিত হন।
