36 C
Kolkata
May 26, 2026
খেলা

পদ্মশ্রী পেয়ে আবেগঘন বার্তা হরমনপ্রীতের, পরিবার-সমর্থকদের জানালেন কৃতজ্ঞতা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণের পর আবেগঘন বার্তা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।

২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছিলেন হরমনপ্রীত কৌর এবং ভারতের পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

সম্মান গ্রহণের পর ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্ট করেন হরমনপ্রীত। তিনি লেখেন, “আজ পদ্মশ্রী সম্মান গ্রহণ করে আমার হৃদয় গর্ব ও কৃতজ্ঞতায় ভরে উঠেছে। এই সম্মান শুধু আমার নয়, এটি আমার বাবা-মা, পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং যাঁরা সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের সকলের।”

তিনি আরও লেখেন, “চোখে স্বপ্ন নিয়ে এক ছোট্ট মেয়ে থেকে ভারতের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা—এই যাত্রার প্রতিটি মুহূর্ত সম্ভব হয়েছে আপনাদের ভালবাসা, ত্যাগ এবং সমর্থনের জন্য।”

ভারতীয় মহিলা ক্রিকেটে অবদানের জন্য রাষ্ট্রপতি, ভারত সরকার, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং বিসিসিআই-কেও ধন্যবাদ জানান তিনি।

২০২৫ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো মহিলা ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করে ভারতীয় দল। সেই জয়ের অন্যতম স্থপতি ছিলেন হরমনপ্রীত।


অনুরাগীদের উদ্দেশেও বিশেষ বার্তা দেন ভারত অধিনায়ক। তিনি লেখেন, “আমার যাত্রার প্রতিটি ভাল-মন্দ সময়ে পাশে থাকার জন্য সকল ভক্তকে ধন্যবাদ। ভারতের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর দেশের জন্য সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।”

Related posts

Leave a Comment