36 C
Kolkata
May 26, 2026
দেশ

মোদী সরকারের ১২ বছর পূর্তি, দেশজুড়ে প্রচারে নামছে বিজেপি

কেন্দ্রে NDA সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সাফল্য তুলে ধরল বিজেপি ও জেডিইউ। কল্যাণমূলক প্রকল্প, স্বচ্ছ প্রশাসন এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে এই সরকারের বড় সাফল্য বলে দাবি করেছেন শাসক জোটের নেতারা।

আগামী নির্বাচনের আগে দেশজুড়ে রাজনৈতিক প্রচার আরও জোরদার করতে বিজেপি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। দলের তরফে জানানো হয়েছে, ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হবে। সেখানে মোদী সরকারের “২২টি বড় সাফল্য” তুলে ধরা হবে।

বিহারের মন্ত্রী রামকৃপাল যাদব বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নীতিকে সামনে রেখে দরিদ্র মানুষের উন্নয়নে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। আজ দেশের ১৪০ কোটি মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট।”

বিহার বিজেপি সভাপতি সঞ্জয় সরাওগি জানান, প্রধানমন্ত্রী মোদী বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন বলেন, গত ১২ বছরে স্বচ্ছতা বৃদ্ধির ফলে দুর্নীতি কমেছে এবং প্রশাসনিক জবাবদিহি বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কূটনৈতিক অবস্থানও আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজেপি সূত্রে খবর, এই প্রচার অভিযানে কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ এবং দলের শীর্ষ নেতৃত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন।

২০২৪ সালে টানা তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় ফেরে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার। এরপর থেকেই কল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিকে সামনে রেখেই রাজনৈতিক বার্তা দিচ্ছে শাসক জোট।

Related posts

Leave a Comment