লখনউ: অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভুয়ো পরিচয়পত্রের সাহায্যে দীর্ঘ ১৪ বছর ধরে লখনউয়ে (Lucknow) বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)। ধৃতের নাম অরূপ বক্সী (Arup Bakshi)। তিনি বাংলাদেশের (Bangladesh) নড়াইল জেলার দেবভোগ এলাকার বাসিন্দা বলে তদন্তে জানা গিয়েছে।
বকশি কা তালাব থানার (Bakshi Ka Talab Police Station) পুলিশ জানিয়েছে, ২০১২ সালে নেপাল সীমান্ত হয়ে লখিমপুর খেরি (Lakhimpur Kheri) রুট দিয়ে ভারতে ঢুকেছিলেন অরূপ। এরপর জাল নথি তৈরি করে তিনি ভারতীয় নাগরিক পরিচয়ে থাকতে শুরু করেন।
গোপন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন উপ-পরিদর্শক যোগেন্দ্র কুমার (Yogendra Kumar)। তদন্তের পর অরূপকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে আধার কার্ড (Aadhaar Card), মোবাইল ফোন এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, ভারতে ঢোকার পর প্রথমে সীতাপুর (Sitapur) জেলার উদরৌলি গ্রামের বাসিন্দা স্বপ্না বিশ্বাস (Swapna Biswas)-এর বাড়িতে থাকতেন অরূপ। সেই সময়েই ভোটার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ একাধিক ভুয়ো নথি তৈরি করা হয় বলে অভিযোগ। পরে তিনি ভারতীয় পাসপোর্টও (Indian Passport) সংগ্রহ করেন।
পুলিশ আরও জানিয়েছে, ২০১৪-১৫ সালে তিনি লখনউয়ের মা দুর্গাপুরম কলোনিতে (Maa Durgapuram Colony) এক আইনজীবীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করেন। ২০১৯ সালে মামাপুর বানা গ্রামে ভুয়ো নথির সাহায্যে ৮০০ বর্গফুট জমিও কেনেন বলে অভিযোগ।
তদন্তকারীদের দাবি, কোনও বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়াই একটি ক্লিনিক চালাচ্ছিলেন অরূপ। চিকিৎসার নামে স্থানীয় মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, সীতাপুরে থাকাকালীনই সমস্ত জাল নথি তৈরি করা হয়েছিল। বর্তমানে তাঁর সহযোগী এবং যোগাযোগকারীদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে।
