May 18, 2026
দেশ

‘মেট্রো সোমবার’-এ অফিসে রেখা গপ্তা, জ্বালানি সাশ্রয়ে গণপরিবহণ ব্যবহারের বার্তা

দিল্লি — জ্বালানি সাশ্রয় এবং গণপরিবহণ ব্যবহারে উৎসাহ দিতে সোমবার দিল্লি মেট্রো ও ডিটিসি বাসে সফর করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গপ্তা। ‘মেরা ভারত, মেরা যোগদান’ কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রেখা গপ্তা সমাজমাধ্যমে লেখেন, ‘আজ মেট্রো সোমবার। বিশ্বজুড়ে জ্বালানির পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি সোমবার গণপরিবহণকে অগ্রাধিকার দেওয়া হবে। আজ আমি মেট্রো এবং ডিটিসি বাসে করে অফিসে পৌঁছেছি।’

তিনি আরও জানান, দিল্লি মেট্রোর আধুনিক পরিকাঠামো, পরিচ্ছন্ন স্টেশন, সময়নিষ্ঠ পরিষেবা এবং সংযোগ ব্যবস্থা বিশ্বমানের অভিজ্ঞতা দেয়। পাশাপাশি ডিটিসির বৈদ্যুতিক বাস পরিবেশবান্ধব, নিরাপদ এবং আরামদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

মেট্রো সফরের সময় সাধারণ যাত্রীদের সঙ্গেও কথা বলতে দেখা যায় দিল্লির মুখ্যমন্ত্রীকে। তিনি নাগরিকদের আরও বেশি করে গণপরিবহণ ব্যবহার এবং একসঙ্গে গাড়ি ভাগ করে যাতায়াত করার আবেদন জানান।

দিল্লি সরকারের একাধিক মন্ত্রীও এ দিন গণপরিবহণ ব্যবহার করেন। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও মেট্রোয় সফর করে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন। পাশাপাশি দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদও মেট্রোয় যাতায়াত করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

এ দিকে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে কনট প্লেস এলাকায় পার্কিং চার্জ ৫০ শতাংশ কমানো হয়েছে। প্রশাসনের দাবি, এতে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার আরও বাড়বে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়, গণপরিবহণ ব্যবহার এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে জ্বালানির বাজারে চাপ বাড়তেই এই উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment