May 15, 2026
রাজ্য

মহিলাদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন আনছে রাজ্য সরকার, ঘোষণা অগ্নিমিত্রার

কলকাতা — মহিলাদের নিরাপত্তা এবং অধিকারকে আরও শক্তিশালী করতে রাজ্যে চালু হতে চলেছে ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন পরিষেবা। শুক্রবার নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, খুব শীঘ্রই মহিলাদের জন্য ১৮১ নম্বরের হেল্পলাইন চালু করা হবে।

মন্ত্রী দাবি করেন, আগে মহিলাদের জন্য কার্যকর কোনও নির্দিষ্ট হেল্পলাইন ব্যবস্থা ছিল না। তাই সরকার ক্ষমতায় আসার পর থেকেই নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁর কথায়, ‘মহিলারা সমস্যায় পড়লে দ্রুত সাহায্য পাওয়ার জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে।’

অগ্নিমিত্রা জানান, হেল্পলাইন নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট মহিলার অবস্থান এবং সমস্যার জায়গা সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া যাবে। ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এর আগে রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প নিয়েও ঘোষণা করেছিল বিজেপি সরকার। সেই ধারাবাহিকতায় এবার নারী নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে নতুন উদ্যোগ নেওয়া হল বলে রাজনৈতিক মহলের মত।

এ দিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্যেরও পরোক্ষ সমালোচনা করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মহিলারা নিজের ইচ্ছেমতো পোশাক পরবেন, নিজের মতো বাইরে বেরোবেন এবং স্বাধীন ভাবে জীবনযাপন করবেন। তাঁদের উপর কোনও ধরনের বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনও দিন বলব না রাত ৮টার পরে মহিলারা বাইরে কেন বেরিয়েছেন। পশ্চিমবঙ্গের মা-বোনেরা খোলা আকাশের নীচে স্বাধীন ভাবে নিঃশ্বাস নিন।’

রাজনৈতিক মহলের মতে, নারী সুরক্ষা এবং স্বাধীনতার প্রশ্নকে সামনে রেখে আগামী দিনে রাজ্যে আরও একাধিক পদক্ষেপের ইঙ্গিত দিল বিজেপি সরকার।

Related posts

Leave a Comment