May 15, 2026
দেশ

পশ্চিম এশিয়া সঙ্কটের আবহে বিমান জ্বালানিতে কর কমাল মহারাষ্ট্র, স্বস্তিতে বিমান সংস্থাগুলি

মুম্বাই — পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রেও। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। বিমান জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের উপর মূল্য সংযোজন কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।

শুক্রবার থেকেই নতুন কর কাঠামো কার্যকর হয়েছে। এর ফলে বিমান সংস্থাগুলির পরিচালন ব্যয় কিছুটা কমবে এবং অভ্যন্তরীণ বিমানভাড়ার উপর অতিরিক্ত চাপ পড়া এড়ানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিনজারাপু রাম মোহন নাইডু এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অস্থিরতা এবং অপরিশোধিত তেলের দামের ওঠানামার কারণে বিমান সংস্থাগুলির উপর বিপুল আর্থিক চাপ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই কর হ্রাসের ফলে বিমান পরিষেবা বজায় রাখা সহজ হবে এবং লক্ষ লক্ষ যাত্রী উপকৃত হবেন।

বর্তমানে মহারাষ্ট্রে ১৬টি চালু বিমানবন্দর রয়েছে। প্রতি বছর প্রায় সাড়ে সাত কোটি যাত্রী এই রাজ্যের বিমানবন্দর ব্যবহার করেন। প্রতিদিন প্রায় দু’লক্ষ যাত্রী যাতায়াত করেন মহারাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর দিয়ে।


পশ্চিম এশিয়ার সঙ্কটের কারণে আন্তর্জাতিক উড়ানপথে একাধিক পরিবর্তন, আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে উড়ান চালানো এবং জ্বালানির দাম বৃদ্ধি— সব মিলিয়ে ভারতের বিমান পরিবহণ শিল্প চাপে রয়েছে। বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশই জ্বালানির জন্য খরচ হয়। ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি সরাসরি বিমানভাড়া এবং সংস্থাগুলির লাভের উপর প্রভাব ফেলে।

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র আগেই অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলির জন্য বিমান জ্বালানির দাম নিয়ন্ত্রণ, বিমানবন্দর খরচ কমানো এবং আর্থিক সহায়তার মতো কিছু পদক্ষেপ করেছে।

Related posts

Leave a Comment