35.6 C
Kolkata
June 29, 2026
রাজ্য

চার বারের পর ইডি দপ্তরে রথীন ঘোষ, পুর নিয়োগ দুর্নীতি তদন্তে জেরা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার বার তলব এড়ানোর পর অবশেষে ইডি দপ্তরে হাজির হলেন প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ কলকাতার সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে পৌঁছন তিনি। সেখানে বহু কোটি টাকার পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি দপ্তরে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন বলেন, তাঁকে কেন তলব করা হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট ভাবে কিছু জানেন না। যদিও তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম এবং বেআইনি লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই তাঁকে ডাকা হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগেই রথীনকে একাধিক বার তলব করেছিল ইডি। তবে নির্বাচনী প্রচারের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি চার বার হাজিরা এড়িয়ে যান। অবশেষে শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজির হন তিনি।

সম্প্রতি এই একই মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। গত ১১ মে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিশেষ পিএমএলএ আদালত তাঁকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।

ফলে রাজনৈতিক মহলে এখন জল্পনা, রথীন ঘোষকেও কি একই পরিণতির মুখে পড়তে হবে, নাকি জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হবে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, স্কুলে চাকরি দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালানোর সময়ই পুর নিয়োগ দুর্নীতির সূত্র প্রথম হাতে আসে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই-ও সমান্তরাল তদন্ত শুরু করে।

তদন্ত যত এগিয়েছে, ততই একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী এবং শাসকদল ঘনিষ্ঠ নেতার নাম সামনে এসেছে বলে দাবি তদন্তকারী সংস্থার।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল পরাজিত হলেও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম কেন্দ্র থেকে টানা চতুর্থ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন রথীন ঘোষ।

Related posts

Leave a Comment