২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর— দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বুধবার বিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসাবেই শপথ নিলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, তিনি নন্দীগ্রাম আসন ছেড়ে দেবেন।
শপথগ্রহণের পর এদিন ভবানীপুরে ‘ধন্যবাদ জ্ঞাপন মিছিল’-এ অংশ নেন মুখ্যমন্ত্রী। মিছিল প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘আমরা একে বিজয় মিছিল বলছি না। এটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর মিছিল। আমাদের স্পষ্ট নির্দেশ, এই মিছিল থেকে কোনও বিরোধী দলের উদ্দেশে আবির, ফুল বা কটূক্তি করা যাবে না।’
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। ফলে রাজনৈতিক দিক থেকে এই কেন্দ্রের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিন বিধানসভায় শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘জনতা জনার্দনের আশীর্বাদে যে সরকার এসেছে, সেই সরকার জনগণের জন্য কাজ করবে। বিধানসভাতেই আইন তৈরি হবে, বাজেট পেশ হবে এবং সরকার বিধানসভার প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে। কোনও গোপনীয়তা থাকবে না।’
পাশাপাশি নাম না করে তৃণমূলের একাধিক বিধায়কের মন্তব্যও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, কয়েকজন বিধায়ক তাঁকে জানিয়েছেন, ‘এবার তাঁরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।’ এদিন তিনি আরও জানান, শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
