35 C
Kolkata
April 24, 2026
রাজ্য

দাবদাহের পর স্বস্তির ইঙ্গিত, সপ্তাহান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

তীব্র গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্ত থেকেই শুরু হতে পারে ঝড়বৃষ্টি, যার প্রভাবে কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। রবিবার থেকে কালবৈশাখী-র সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জেলায় এই বেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়ের প্রভাব বেশি হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড়বৃষ্টির ধারা বজায় থাকতে পারে।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দপ্তর।

আবহাওয়া দপ্তরের মতে, আগামী তিন দিন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে এরপর ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

এদিকে সমুদ্রেও সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার সমুদ্র উত্তাল থাকতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment