প্রথম দফার ভোটের পর বাংলায় পরিবর্তন এখন নিশ্চিত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ২৪ পরগনার পানিহাটির জনসভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন এবং বলেন, মানুষের ভোটই বদলের স্পষ্ট বার্তা দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন যে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল, প্রথম দফার ভোটের পর তা স্পষ্ট হয়ে গেছে।’ তাঁর দাবি, উচ্চহারের ভোটদানই প্রমাণ করছে যে মানুষ পরিবর্তন চাইছেন এবং বিজেপির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা।
সভামঞ্চ থেকে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করে তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর করার অঙ্গীকার নিয়েই বিজেপি এগোচ্ছে। রাজ্যে গুন্ডারাজ, ভয় এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি।
এদিনের বক্তব্যে আরজি কর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ টেনে আবেগঘন মন্তব্য করেন মোদী। তিনি বলেন, একজন মায়ের স্বপ্ন কীভাবে ভেঙে গিয়েছে, তা বাংলার মানুষ দেখেছে। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, নির্যাতিতার পরিবারকে সম্মান জানিয়ে তাদের প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়েছে। তাঁর মতে, নারীদের সম্মান রক্ষাই এখন অন্যতম প্রধান লক্ষ্য। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, প্রথম দফার ভোটের ফলাফল দেখে শাসকদল অস্থির হয়ে পড়েছে। তাঁর মন্তব্য, ‘প্রদীপ নেভার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, তেমন অবস্থাই এখন দেখা যাচ্ছে।’
বক্তব্যের শেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করে তিনি মানুষের কাছে সমর্থন চান। সভায় উপস্থিত সমর্থকদের মধ্যে এই বক্তব্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
previous post
