চেন্নাই — নারী সংরক্ষণ বিল এবং লোকসভা কেন্দ্র পুনর্নির্ধারণ ইস্যুতে ডিএমকে ও কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তামিলনাড়ুর মোদাকুরিচি বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে তিনি অভিযোগ করেন, বিরোধী জোট মহিলাদের সংসদে প্রবেশের পথে বাধা দিচ্ছে।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, নারী সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে কেন্দ্র উদ্যোগ নিয়েছে। কিন্তু ডিএমকে ও কংগ্রেস তা আটকে দেওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, এই দুই দল মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে আগ্রহী নয়।
তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে দেশের এবং তামিলনাড়ুর মহিলাদের ন্যায় দেওয়া হবে।
একই সঙ্গে তামিলনাড়ুর শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তোলেন শাহ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিজের পরিবারের সদস্যদের ক্ষমতায় আনার চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘এক সময় করুণানিধি, তারপর স্টালিন, এখন তাঁর ছেলে— এই পারিবারিক রাজনীতি তামিলনাড়ুর মানুষের উপকারে আসবে না।’
আসন্ন নির্বাচনে এনডিএ-কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শাহ বলেন, এই জোট ক্ষমতায় এলে দুর্নীতির অবসান ঘটানো হবে।
তিনি দাবি করেন, এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোট তামিলনাড়ুতে সরকার গঠন করবে।
উল্লেখ্য, ২৩ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে তামিলনাড়ুতে এবং ৪ মে ফল প্রকাশের কথা রয়েছে।
