April 19, 2026
দেশ

বাংলাদেশে ভারতের হাই কমিশনার পদে দীনেশ ত্রিবেদী, সম্পর্ক মেরামতে ভরসা কেন্দ্রের

ভারতের কূটনৈতিক মহলে বড় সিদ্ধান্ত—পশ্চিমবঙ্গের বর্ষীয়ান নেতা দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) কে বাংলাদেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার হিসেবে পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ভোটপর্ব শেষ হলেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে।

বর্তমানে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা (Pranay Verma)। তাঁকে বেলজিয়ামে পাঠানোর সম্ভাবনা রয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দীনেশের নামেই সিলমোহর পড়েছে বলে জানা গিয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর ভারত-বাংলাদেশ (India-Bangladesh Relations) সম্পর্ক নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তা বেড়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে বিএনপি (BNP) সরকারের সময় সম্পর্কের টানাপোড়েন সামনে আসে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে।

এই পরিস্থিতিতে দীনেশ ত্রিবেদীর অভিজ্ঞতা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্র। বাংলায় তাঁর সাবলীলতা এবং দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান কূটনৈতিক ক্ষেত্রে বড় সম্পদ হতে পারে। তিনি শুধু রাজনীতিক নন, সংগীতপ্রেমী ও দক্ষ সেতারবাদক হিসেবেও পরিচিত।

দীনেশের রাজনৈতিক জীবনও যথেষ্ট সমৃদ্ধ। কংগ্রেস (Congress) থেকে শুরু করে জনতা দল (Janata Dal), তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং বর্তমানে বিজেপি (BJP)—বিভিন্ন দলের সঙ্গে যুক্ত থেকে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মনমোহন সিংহ (Manmohan Singh) সরকারের মন্ত্রীসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং পরে রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে হারার পর রাজ্যসভায় ফেরেন। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন এবং এখনও সেই দলেই সক্রিয়। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই তিনি কূটনৈতিক দায়িত্ব নিয়ে ঢাকায় যোগ দিতে পারেন।

Related posts

Leave a Comment