সংবাদ কলকাতা: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় মহিলা ভোটব্যাঙ্কে নজর বাড়াল বিজেপি (BJP Bengal)। পয়লা বৈশাখের দিন ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ (Matri Shakti Bharosa Card) প্রকল্পের সূচনা করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ঘোষণা করেন, ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।
কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রূপা গাঙ্গুলি (Rupa Ganguly)। সেখানে প্রতীকী ভাবে কয়েক জন মহিলার হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।
সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি স্পষ্ট জানান, এই আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনও ভেদাভেদ থাকবে না। তাঁর কথায়, বাংলার সমস্ত মহিলাই এই সুবিধা পাবেন। বিজেপির দাবি, এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সুরক্ষা এবং স্বনির্ভরতা নিশ্চিত করা হবে।
বিজেপির নির্বাচনী ইস্তাহারে আগে বলা হয়েছিল, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মহিলাদের জন্য এই প্রকল্প। তবে সেই সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতেই এ দিন কেন্দ্রীয় মন্ত্রী জানান, সব শ্রেণির মহিলাদেরই অন্তর্ভুক্ত করা হবে।
রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই এই কার্ড বিলি শুরু হয়েছে। মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করাচ্ছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এই প্রকল্পকে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের পাল্টা হিসেবে দেখছেন।
তবে এই উদ্যোগ ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস (TMC) অভিযোগ তুলেছে, নির্বাচনের আগে এই ধরনের কার্ড বিলি করা আচরণবিধি লঙ্ঘনের সামিল। যদিও বিজেপির দাবি, এটি শুধুমাত্র দলীয় প্রচার কৌশল এবং সরকারি প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত নয়।
