দিল্লি — পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। শনিবার এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানালেন, বেসামরিক মানুষ, পরিকাঠামো এবং বাণিজ্যিক জাহাজে হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিচ্ছে ভারত।
ভারত মহাসাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান অস্থির পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার সংঘাত গোটা বিশ্বের উপর প্রভাব ফেলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
জয়শঙ্করের বক্তব্যে উঠে আসে, এই সংঘাতের ফলে জ্বালানি সংকট এবং মূল্যবৃদ্ধির চাপ বাড়ছে, যা সমাজের সমস্ত স্তরে প্রভাব ফেলছে। পাশাপাশি বাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিক্ষেত্রেও এর প্রভাব পড়ছে, কারণ সার সংগ্রহ কঠিন হয়ে উঠছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে বাণিজ্যে ব্যাঘাত ঘটায় তার প্রভাব বহু দেশ অনুভব করেছে। ফলে নিরাপদ ও বাধাহীন নৌপরিবহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলির জন্য এই পরিস্থিতি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে তিনি বলেন, কোনও একক দেশ একা এই সমস্যার মোকাবিলা করতে পারবে না। এর জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা।
ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, মানবিক সঙ্কট বা প্রাকৃতিক দুর্যোগে ভারত সব সময় দ্রুত সহায়তা করেছে। বিভিন্ন দেশে ত্রাণ ও উদ্ধারকাজে ভারতের সক্রিয় অংশগ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি বলেন, এই জটিল সময়ে একসঙ্গে কাজ করাই একমাত্র পথ। যৌথ উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, স্থিতিশীল এবং সমৃদ্ধ ভারত মহাসাগর অঞ্চল গড়ে তোলা সম্ভব।
