May 21, 2026
রাজ্য

মোদীর সভামঞ্চে অনন্ত মহারাজ, জল্পনায় নতুন মাত্রা কোচবিহারের রাজনীতিতে

কোচবিহার — বিজেপির রাজ্যসভার সাংসদ হয়েও একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকে বঙ্গভূষণ গ্রহণ করেছিলেন অনন্ত মহারাজ। সেই ঘটনাকে ঘিরে যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল, তা ফের উসকে উঠল রবিবার কোচবিহারের রাসমেলা মাঠে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভামঞ্চে দেখা গেল অনন্ত মহারাজকে। সঙ্গে ছিলেন বংশীবদন বর্মন-ও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি বিজেপির অন্দরে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গেল?

এর আগে ‘বিদ্রোহী’ তকমা পাওয়া অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ভূপেন্দ্র যাদব। তাঁদের বৈঠকের ছবি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে।

অনেকের মতে, ভোটের অঙ্ক মাথায় রেখে বিজেপি শিবিরই অনন্ত মহারাজকে ফের কাছে টানার চেষ্টা করেছে। কোচবিহারের রাজনৈতিক সমীকরণে তাঁর প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়।

যদিও ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে মুখ খুলতে চাননি কেন্দ্রীয় নেতারা। তবে তার পর থেকেই জল্পনা তৈরি হয়, মোদীর সভায় দেখা যেতে পারে অনন্ত মহারাজকে। রবিবার সেই জল্পনাই বাস্তবে পরিণত হল।

রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা প্রমাণ করছে বিজেপির অন্দরে একাধিক টানাপোড়েন রয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, মানুষের আস্থা না পেয়ে বিজেপি এখন নিজেদের অন্দর সমস্যাই সামলাতে ব্যস্ত।

Related posts

Leave a Comment