April 4, 2026
দেশ

‘ইউসিসি নিয়ে বিতর্ক, অনুপ্রবেশ ইস্যুতে তোপ শাহ—নির্বাচনের আগে তুঙ্গে রাজনৈতিক তরজা’

নিজস্ব প্রতিনিধি, দিসপুর — আসাম বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। চায়গাঁওয়ের জনসভা থেকে ইউনিফর্ম সিভিল কোড চালুর প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, এই আইন চালু হলেই চারটি বিয়ে বন্ধ হবে। একইসঙ্গে অনুপ্রবেশ ইস্যু নিয়েও তীব্র আক্রমণ শানালেন তিনি।

জনসভায় শাহ দাবি করেন, কংগ্রেস আমলে আসাম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, এই অনুপ্রবেশকারীরা গরিব মানুষের জমি দখল করছে, এমনকি কাজিরাঙার বনভূমিও ছাড় পায়নি।

তিনি আরও বলেন, বিজেপি সরকার গত ১০ বছরে বিপুল জমি দখলমুক্ত করেছে। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, ফের ক্ষমতায় এলে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে।

ইউনিফর্ম সিভিল কোড প্রসঙ্গে তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীদের অভিযোগ, এই বক্তব্য নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে, যা সমাজে বিভাজন তৈরি করতে পারে।

এছাড়াও, ভূপেন হাজারিকাকে নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ‘অপমান’-এর অভিযোগ তোলেন শাহ। তবে তৃণমূলের কটাক্ষ, সংস্কৃতির নাম করে রাজনীতি করা হচ্ছে।

প্রতিশ্রুতির তালিকায় মহিলাদের জন্য মাসে আর্থিক সহায়তা, কৃষকদের জন্য অনুদান এবং যুবকদের চাকরির কথাও বলেন তিনি। কিন্তু তৃণমূলের দাবি, নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি নতুন কিছু নয়।

তৃণমূলের একাংশের মতে, মানুষের প্রকৃত সমস্যা—কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য—এই বিষয়গুলি আড়াল করতেই বিভাজনের রাজনীতি করা হচ্ছে। ফলে শাহর মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।

Related posts

Leave a Comment