চুঁচুড়া: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুরু থেকেই উন্নয়নকে সামনে রেখে ‘নতুন চুঁচুড়া’ গড়ার লক্ষ্য নিয়েই মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন তিনি।
প্রার্থী ঘোষণার পরই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন দেবাংশু। স্থানীয় সমস্যার খোঁজ নিয়ে দ্রুত সমাধানের আশ্বাসও দিচ্ছেন তিনি। তৃণমূলের দাবি, মানুষের সঙ্গে এই সরাসরি যোগাযোগই তাদের সবচেয়ে বড় শক্তি।
দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, চুঁচুড়া শহরের পরিকাঠামোর উন্নয়ন তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে। রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এর পাশাপাশি যুবকদের কর্মসংস্থান বাড়ানো, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং শহরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার কথাও বলেছেন তিনি। তাঁর মতে, একটি আধুনিক শহর গড়ে তুলতে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃণমূল শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেলকে সামনে রেখেই চুঁচুড়ায় নতুন দিশা দেখাতে চাইছে দল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুরু থেকেই উন্নয়নমূলক বার্তা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের কৌশল নিয়েছেন দেবাংশু। ফলে চুঁচুড়া কেন্দ্রে এবার তৃণমূলের অবস্থান আরও শক্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে।
