সংবাদ কলকাতা: শনিবার ভোরে উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায় পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় একটি ক্লাবঘরে এই বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। বিস্ফোরণের অভিঘাতে ক্লাবের টিনের চাল উড়ে গিয়ে পাশের একটি ছয়তলা বাড়ির ছাদে পড়ে। ঘটনায় ক্লাবঘরে আগুনও লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় ক্লাবঘরের দেওয়াল ভেঙে যায় এবং গোটা ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে এলাকার কিছু বাসিন্দার দাবি, ক্লাবের ভিতরে বোমা মজুত করে রাখা ছিল। পরপর বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, বিস্ফোরণের পর ক্লাবঘরের ভিতরে বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। তাদের আশঙ্কা, এলাকার কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। অভিযোগ উঠেছে, ক্লাবটির জমি নিয়ে প্রোমোটিংয়ের স্বার্থে কারও নজর ছিল।
এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমরা সবাই ঘুমোচ্ছিলাম। সকাল প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি আগুন জ্বলছে। সামনের একটি বাড়ি থেকে ২০-২৫ বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করা হয়। বহু দিন ধরেই এই ক্লাবঘরটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা চাই পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বার করুক। না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
ক্লাবের এক কর্তা দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই ক্লাবটির উপর অনেকের নজর ছিল। তার কথায়, ‘ক্লাবটি দখল করার চেষ্টা চলছিল। যাদের স্বার্থ জড়িত, তারাই হয়তো এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ যেন দ্রুত তদন্ত করে সত্যিটা সামনে আনে।’
নিরাপত্তা জোরদার করতে এলাকায় পুলিশ পিকেট বসানো এবং সিসি ক্যামেরা লাগানোর দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের খবর পেয়ে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলা হয়।
কলকাতায় গত কয়েক দিন ধরে একাধিক বোমা আতঙ্কের ঘটনা সামনে এসেছে। নগরদায়রা আদালত, পাসপোর্ট দপ্তর এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিস্ফোরণের হুমকি দিয়ে উড়ো ইমেল আসার ঘটনাও ঘটেছে। পুলিশ সেই ঘটনারও তদন্ত করছে।
এর মধ্যেই পাইকপাড়ার বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। ক্লাবঘরের ভিতরে আরও তাজা বোমা থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। বম্ব স্কোয়াড সেগুলি খতিয়ে দেখছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্লাবের আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
