February 13, 2026
দেশ

‘সেবা তীর্থ’ থেকে প্রথম সিদ্ধান্তেই সেবার বার্তা, সমাজের সব স্তরকে ছুঁল প্রধানমন্ত্রীর ঘোষণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট এবং ক্যাবিনেট সেক্রেটারিয়েটকে একত্রিত করা নতুন ভবন কমপ্লেক্সের নাম ঘোষণা করেন ‘সেবা তীর্থ’। এতদিন এই দপ্তরগুলি পৃথক স্থানে অবস্থিত ছিল।

নতুন কমপ্লেক্সে স্থানান্তরের পর প্রথম চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী, যা ‘সেবা’র ভাবনাকেই প্রতিফলিত করে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে দাবি, এই সিদ্ধান্তগুলি কৃষক, মহিলা, যুব ও সমাজের দুর্বল শ্রেণি—সকলকে স্পর্শ করবে।

প্রথম সিদ্ধান্ত হিসেবে ‘পিএম রাহাত’ প্রকল্প চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় দুর্ঘটনায় আহতদের জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে, যাতে তাৎক্ষণিক চিকিৎসার অভাবে প্রাণহানি না ঘটে।

দ্বিতীয় সিদ্ধান্তে ‘লক্ষপতি দিদি’ প্রকল্পের লক্ষ্য দ্বিগুণ করার ঘোষণা করা হয়েছে। মার্চ ২০২৭-এর নির্ধারিত সময়সীমার এক বছরেরও বেশি আগে ৩ কোটি লক্ষপতি দিদির মাইলফলক অতিক্রম করেছে সরকার। এবার মার্চ ২০২৯-এর মধ্যে এই সংখ্যা ৬ কোটিতে পৌঁছে দেওয়ার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তৃতীয় সিদ্ধান্তে কৃষিক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে। অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের ঋণ লক্ষ্যমাত্রা ১ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ কোটি টাকা করা হয়েছে, যা দেশের কৃষি মূল্য শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে বলে দাবি করা হয়েছে।

চতুর্থ সিদ্ধান্ত হিসেবে ১০ হাজার কোটি টাকার তহবিল নিয়ে ‘স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অব ফান্ডস ২.০’ অনুমোদন করা হয়েছে। গভীর প্রযুক্তি, প্রাথমিক পর্যায়ের উদ্ভাবন, উন্নত উৎপাদন ও যুগান্তকারী প্রযুক্তির বিকাশে এই তহবিল সহায়ক হবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment