25 C
Kolkata
March 25, 2026
খেলা

সীমান্ত উত্তেজনার জেরে পিএসএল থেকে সরে দাঁড়ালেন গুরবাজ, আফগান ক্রিকেটারদের এনওসি দিল না সরকার

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও বিমান হামলার প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আফগান ক্রিকেটারদের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দিতে অস্বীকার করেছে আফগান সরকার। এর ফলেই পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন আফগানিস্তানের তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে শনিবার এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে আফগান সরকার তাদের ক্রিকেটারদের পাকিস্তানে গিয়ে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। ঠিক সেই দিনই গুরবাজ পিএসএল থেকে নাম প্রত্যাহার করেন, যখন পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি অজ্ঞাত অঙ্কের বিনিময়ে তাঁকে সরাসরি দলে নেওয়ার কথা ঘোষণা করেছিল।

টেলিকম এশিয়া স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, আসন্ন পিএসএলের ১১তম সংস্করণকে আরও আকর্ষণীয় করতে দলগুলির বেতন সীমা বাড়িয়ে ৫০ কোটি টাকা করা হয়েছে। হায়দরাবাদ ও শিয়ালকোট—এই দুই নতুন দল যুক্ত হওয়ায় টুর্নামেন্টের আকারও বড় হয়েছে। ২৬ মার্চ শুরু হতে চলা এই সংস্করণের আগে, ১১ ফেব্রুয়ারি হবে পিএসএলের প্রথম নিলাম, যেখানে প্রতিটি দল চারজন রিটেনশনসহ একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়ার অধিকার পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত বছরও পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ তুলে একটি ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিল আফগানিস্তান।

সেই হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, নিহত কাবির আগা, সিবঘাতুল্লাহ ও হারুনের প্রতি শ্রদ্ধা জানাতেই তারা সিরিজ থেকে সরে এসেছে। পাকিস্তান অবশ্য দাবি করেছিল, যাঁরা নিহত হয়েছেন তাঁরা জাতীয় দলের ক্রিকেটার নন এবং হামলা চালানো হয়েছিল জঙ্গি ঘাঁটিতে। তবে আফগান সরকার সেই যুক্তি মানতে নারাজ।


এই টানাপোড়েনের জেরে দুই দেশের মধ্যে সংলাপও ব্যর্থ হয়েছে। গুরবাজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার। তিনি আইপিএল, বিপিএল, সিপিএল, এসএ২০ এবং আইএলটি২০-সহ একাধিক লিগে খেলেছেন। ২৪ বছর বয়সি এই উইকেটরক্ষক-ব্যাটার এর আগে তিনটি পিএসএল মরশুম খেলেছেন—২০২১ সালে মুলতান সুলতান্সের হয়ে এবং ২০২২ ও ২০২৩ সালে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে গুরবাজ তাঁর পিএসএল থেকে সরে দাঁড়ানোকে ‘ব্যক্তিগত কারণ’-এর ফল বলে উল্লেখ করেন।

যদিও টেলিকম এশিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, পিএসএল কর্তৃপক্ষ গুরবাজের প্রত্যাহারের খবর অস্বীকার করেছে। এদিকে, চলতি বছর আইপিএলে আফগানিস্তানের রশিদ খান, নূর আহমেদ, এএম গজনফর এবং আজমতুল্লাহ ওমরজাই খেলবেন। আরও ১০ জন আফগান ক্রিকেটার আইপিএলের নিলামে নাম দিলেও তাঁদের কেউই দল পাননি।

Related posts

Leave a Comment