27 C
Kolkata
September 20, 2026
দেশ

মার্কিন বাণিজ্য চুক্তি কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা করবে: পীযূষ গোয়াল

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল মঙ্গলবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিটি প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতের জন্য সবচেয়ে ভালো এবং এটি দেশের কৃষক, দুগ্ধ খাত ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা করবে।

এক সাংবাদিক সম্মেলনে গোয়াল বলেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বকে কাজে লাগিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের জন্য একটি অত্যন্ত উপকারী চুক্তি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই বাণিজ্য চুক্তির ফলে শ্রমনির্ভর খাত যেমন বস্ত্র, চামড়া, সামুদ্রিক খাদ্য, রত্ন ও গয়না শিল্পে বড়সড় লাভ হবে, কারণ এর মাধ্যমে মার্কিন বাজারে রফতানির উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে। পাশাপাশি অটো কম্পোনেন্টসহ ইঞ্জিনিয়ারিং পণ্যের রফতানিও এই চুক্তি থেকে উপকৃত হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) খাতও এই চুক্তির সুফল পাবে, কারণ শুল্ক হ্রাসের ফলে এই খাতের পণ্য রফতানি আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

গোয়ালের দাবি, দীর্ঘদিন ধরে আধিকারিক ও মন্ত্রীস্তরের আলোচনায় আটকে থাকা এই চুক্তিটি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির সরাসরি উদ্যোগেই বাস্তবায়িত হয়েছে। তাঁর মতে, এই চুক্তি জরুরি ছিল, কারণ ট্রাম্প প্রশাসনের আরোপিত ৫০ শতাংশ শুল্কের ফলে সামুদ্রিক খাদ্য ও বস্ত্রের মতো শ্রমনির্ভর ভারতীয় পণ্যের রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

“১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। এই চুক্তি ভারতের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কৃষক, দরিদ্র, মৎস্যজীবী, নারী ও যুবসমাজের জন্য বিপুল সুযোগ নিয়ে আসবে,” বলেন গোয়াল।

Related posts

Leave a Comment