21 C
Kolkata
March 22, 2026
দেশ

ভবান্তর যোজনায় ১.৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী মোহন যাদব

মধ্যপ্রদেশের মান্ডসৌর জেলায় আয়োজিত কৃষক সম্মেলন থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মোহন যাদব ‘ভবান्तर ভুগতান যোজনা’র আওতায় ১.৭ লক্ষেরও বেশি সয়াবিন চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২০০ কোটি টাকা সরাসরি হস্তান্তর করলেন। ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে ফসল বিক্রি করা কৃষকদের ক্ষতিপূরণ দিতেই এই প্রকল্পের মাধ্যমে অর্থ পাঠানো হয়েছে। এটি এই প্রকল্পের চতুর্থ দফার অর্থপ্রদান।

গত বছরের অক্টোবরে বিজেপি সরকার ফের চালু করার পর থেকেই ধাপে ধাপে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে প্রকল্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যাঁরা সয়াবিন বিক্রি করেছেন, তাঁদেরই এই অর্থ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮ লক্ষেরও বেশি কৃষকের মধ্যে মোট ১,৬৯২ কোটি টাকা পাঠানো হয়েছে। ২০১৭ সালে প্রথমবার এই প্রকল্প চালু হয়েছিল, যার লক্ষ্য ছিল বাজার দামের ওঠানামা থেকে কৃষকদের রক্ষা করা। বর্তমান সরকার আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রকল্পটিকে আরও শক্তিশালী করেছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মান্ডসৌর জেলায় প্রায় ৬৯.৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন, যার মধ্যে মান্ডসৌর–নিমুচ চার লেনের ফ্লাইওভার উল্লেখযোগ্য। মালহারগড় রেলস্টেশন রোডে ২.০৬ কোটি টাকার একটি সেতু প্রকল্পেরও উদ্বোধন করা হয়। কৃষি ক্ষেত্রের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার ২০২৬ সালকে ‘কৃষি বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

Related posts

Leave a Comment