27 C
Kolkata
September 20, 2026
রাজ্য

২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ECI) আগামী ২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে সাক্ষাতের সময় দিয়েছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শীর্ষ নেতা ও সাংসদ।নবান্ন সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি বিকেল ৪টেয় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে দিন ও সময় জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই দিনই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কয়েকজন তৃণমূল সাংসদ। এছাড়াও ‘এসআইআর আতঙ্কে’ মৃত বলে চিহ্নিত হওয়া ব্যক্তিদের কয়েকজন পরিবারের সদস্যকেও প্রতিনিধি দলে রাখার সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে জাতীয় স্তরে প্রতিবাদ জানাতে বুধবারই দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরে একটি সভা শেষে তাঁর দিল্লি রওনা দেওয়ার কথা থাকলেও, সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরে সেই সফর স্থগিত করেন তিনি।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, তৃণমূল কংগ্রেসের ১৫ জনের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারবে। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে। তৃণমূল সূত্রের দাবি, প্রতিনিধি দলে এমন কয়েকজনকেও রাখা হবে, যাঁরা জীবিত থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে নথিভুক্ত।এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি ও অসংগতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে একাধিক চিঠি পাঠিয়েছেন। তবে কোনও চিঠিরই জবাব মেলেনি বলে অভিযোগ।


এর পরই দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্যজুড়ে জনসভায় ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো জীবিত নাগরিকদের বিষয়টি তুলে ধরে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Related posts

Leave a Comment