নয়াদিল্লি, ২০ জানুয়ারি ২০২৬ – বিজেপির নতুন সভাপতি নিতিন নবীনকে স্বাগত জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে তুলে ধরলেন। সংগঠন পর্ব অনুষ্ঠানে মোদী বলেন, দলীয় বিষয়ের ক্ষেত্রে নিতিন নবীনই তাঁর ‘বস’। বিজেপি সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে জে পি নাড্ডার পর্ব শেষ হয়ে নতুন নেতৃত্বের সূচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া বা দীর্ঘ শাসনকাল তাঁর কাছে গৌণ বিষয়। তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন বিজেপি কর্মী। মোদী নতুন সভাপতিকে ‘মিলেনিয়াল নেতা’ হিসেবে বর্ণনা করে বলেন, নিতিন নবীন এমন এক প্রজন্মের প্রতিনিধি, যারা রেডিও যুগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত দেখেছে। তিনি বলেন, ২০২৬ সালে জনসংঘের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দলের সংগঠন আরও শক্তিশালী করার বড় দায়িত্ব নবীনের কাঁধে।নতুন সভাপতি হিসেবে প্রথম ভাষণে নিতিন নবীন বলেন, রাজনীতি ভোগ নয়, ত্যাগ। রাজনীতি কোনও বিলাসিতা নয়, এটি তপস্যা। তাঁর কথায়, রাজনীতি কোনও পদ নয়, এটি দায়িত্ব। তিনি রাজনীতিকে ১০০ মিটার দৌড়ের সঙ্গে তুলনা না করে ম্যারাথনের সঙ্গে তুলনা করেন।
বলেন, রাজনীতি গতি নয়, সহনশীলতার পরীক্ষা নেয়।তিনি যুব সমাজকে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, বিজেপিতে পরিশ্রম কখনও অদেখা থাকে না। নবীন রামমন্দির, সনাতন মূল্যবোধ, অনুপ্রবেশ ও জনসংখ্যাগত পরিবর্তনের প্রসঙ্গ তুলে দলের আদর্শিক অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম ও পুদুচেরিতে আসন্ন নির্বাচনে শক্তিশালী ফল করার লক্ষ্যে দল প্রস্তুত।বিহার নিবাসী নিতিন নবীনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি সহ একাধিক শীর্ষ নেতা। অনুষ্ঠানে বিজেপির ঐক্য ও শৃঙ্খলাবদ্ধ সাংগঠনিক রূপ স্পষ্টভাবে ফুটে ওঠে।
