31 C
Kolkata
March 23, 2026
দেশ

২০২৭ ভোটের প্রস্তুতি: উত্তরপ্রদেশ জুড়ে মায়াবতীর ৭০তম জন্মদিন ‘জনকল্যাণকারী দিবস’ হিসেবে পালন করবে BSP

লখনউ—বহুজন সমাজ পার্টি (BSP) আগামী ১৫ জানুয়ারি দলনেত্রী মায়াবতীর ৭০তম জন্মদিন উপলক্ষে উত্তরপ্রদেশ জুড়ে ‘জনকল্যাণকারী দিবস’ পালন করবে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে এই কর্মসূচিকে বড় আকারে ব্যবহার করার পরিকল্পনা করেছে দলটি।


দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় এই উপলক্ষে সভা ও কর্মসূচির আয়োজন করা হবে এবং দলীয় নেতা-কর্মীদের বিপুল সংখ্যায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—আসন্ন নির্বাচনের আগে বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সংগঠনের শক্তি প্রদর্শন এবং পঞ্চমবারের জন্য মায়াবতীকে মুখ্যমন্ত্রী করার বার্তা পৌঁছে দেওয়া।
BSP-র রাজ্য সভাপতি বিশ্বনাথ পাল জানান, জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে জেলাস্তরে বৈঠকের আয়োজন করা হয়েছে এবং প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা সেরে নিয়েছে। দলীয় কার্যালয়ের পাশাপাশি প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলেও কর্মসূচি অনুষ্ঠিত হবে।


কাঁশীরাম-এর প্রয়াণ দিবসে গত ৯ অক্টোবরের সমাবেশের পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানান দলীয় সূত্র। নেতৃত্বের লক্ষ্য, এই জন্মদিনের কর্মসূচির মাধ্যমে সেই উদ্দীপনাকে রাজ্যজুড়ে ধরে রাখা।

অনুষ্ঠান চলাকালীন সিনিয়র নেতারা নির্বাচনী প্রস্তুতি এবং চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে কর্মীদের দিকনির্দেশ দেবেন। বিশ্বনাথ পাল বলেন, মায়াবতী নির্দেশ দিয়েছেন যাতে সব যোগ্য ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং প্রয়োজনীয় ফর্ম পূরণে সাধারণ মানুষকে সাহায্য করা হয়।

এছাড়াও মায়াবতীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে দলীয় তহবিলে অনুদান সংগ্রহ অভিযান চালানো হবে। একই সঙ্গে, BSP সরকারের চার দফা শাসনকালে বাস্তবায়িত উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরতে জেলা সদরগুলিতে হোর্ডিং ও ব্যানার লাগানো হবে।

উল্লেখ্য, BSP ক্ষমতায় থাকাকালীন মায়াবতীর জন্মদিন রাজ্যজুড়ে বড় আকারে পালিত হতো এবং তা রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছিল। তবে ক্ষমতা হারানোর পর এই উদ্‌যাপন মূলত লখনউয়ের রাজ্য কার্যালয়েই সীমাবদ্ধ ছিল।

Related posts

Leave a Comment